প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই মামলায় তার স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবির বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব।
আইনজীবী জানান, গত ২৯ জানুয়ারি ভুক্তভোগী সুরভী বেগম রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী এবং স্বামীর ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু নির্ধারিত দিনে তারা আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, সুরভী বেগম ও রুবিনা নিঝুমের পূর্বপরিচয় ছিল। সেই সূত্রে রুবিনা ও তার স্বামী রাহূল সুরভীর আস্থাভাজন হয়ে ওঠেন। বিভিন্ন সময়ে টাকা ধার নিয়ে সময়মতো ফেরত দিয়ে তারা বিশ্বাস অর্জন করেন। পরে ২০২০ সালের ১ অক্টোবর সাড়ে ১২ লাখ টাকা ধার চান তারা। ১১ থেকে ২০ অক্টোবরের মধ্যে তিন দফায় ওই টাকা দেন সুরভী। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার শর্তে একটি চুক্তিনামাও সম্পাদিত হয়। সেখানে উল্লেখ ছিল, রাহূল টাকা পরিশোধে ব্যর্থ হলে বা মারা গেলে তার ভাই নান্নু দায়ভার নেবেন।
অভিযোগ অনুযায়ী, পরে সুরভী গুরুতর অসুস্থ হয়ে আর্থিক সংকটে পড়েন। জরুরি প্রয়োজন দেখা দিলে গত বছরের ১ মে তিনি টাকা ফেরত চান। কিন্তু রুবিনা ও রাহূল তা দিতে অস্বীকৃতি জানান। ২২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকার বাসায় গিয়ে টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সুরভী বেগম রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশ অনুযায়ী চলবে।


