নরসিংদীর মনোহরদীতে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো তিন বোনের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চর আহমদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ময়মনসিংহের গফরগাঁওয়ের সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) ও মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। তারা স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার জানায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার নাতনি। সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। দুপুরে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, ‘বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


