নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে।
শনিবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ওভারপাসে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া রহমান হুময়াইয়া নামে এক শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হন সিএনজির চালকসহ চারজন।
আহতরা হলেন- নিহত শিশুর বাবা আশিকুর রহমান শামীম, মা সানজিদা এবং ছোট ভাই আয়মান। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সিএনজি চালকের নাম জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জালকুড়ি ওভারপাসে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী প্রাইভেটকার আরেকটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুহুর্তেই সিএনজিটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা চার সদস্যের একটি পরিবারের এক শিশু দরজা ভেঙ্গে ওভারপাস থেকে ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সিএনজির চালকসহ বাকিরাও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা প্রাইভেটকারের ভেতর থাকা দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ দেয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান বলেন, সিএনজি ও প্রাইভেটকার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে বেলা ১০ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন।
নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জের মনির মিয়ার ছেলে। তিনি ঢাকার ডেমরার ডগাই এলাকায় থাকতেন। ফ্রিজের ওয়েস্টেজ মালামাল ডেলিভারি দিতে এসে তিনি দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল ট্রান্সপোর্ট কোম্পানির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার এস আই কাজলের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি সাজেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পলাতক ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে।


