নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে প্রতিবন্ধী অটোরিকশাচালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে উপজেলার নয়াপুর পশ্চিমপাড়া এলাকার রাস্তার পাশের একটি পরিত্যক্ত স্থানে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিকশাচালকের নাম সোহেল। সে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যরা জানিয়েছে, প্রতিদিনের মতো সোমবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সোহেল। তবে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন তারা।
নিহতের স্বজনদের অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই সোহেলকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।


