তিনজন নারীর গল্প নিয়ে রাশিদ পলাশ গেল বছর শুটিং শুরু করেছিলেন ‘তরী’র। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিলো কলকাতার শ্রীলেখা মিত্রের। কিন্তু তিনি ছবিটির শুটিংয়ে জন্য বাংলাদেশে আসতে পারছেন না। কারণ হিসেবে পরিচালক-নায়িকা দুজনেই জানিয়েছেন ‘ভিসা জটিলতা’র কথা।
টাইমস অব বাংলাদেশের সঙ্গে শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে রাশিদ বলেন, ‘শ্রীলেখা আরও ৪ মাস আগে দেশে এসে শুটিং করার কথা ছিলো। কিন্তু ভিসা জটিলতাসহ রাজনৈতিক বিভিন্ন কারণে শুটিংটা করতে পারছি না। আমরা আশা করছি পরিস্থিতির উন্নতি হলেই শুটিং শুরু করতে পারবো।’
তিনি জানান, শ্রীলেখাকে নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে শুটিং করার কথা ছিলো। সে অনুযায়ী তার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছিলেন। রাশিদ পলাশ জানান, সকল প্রস্তুতি শেষ করেও মন্ত্রণালয়ের অভ্যন্তর থেকে গ্রীণ সিগন্যাল না পাওয়ায় আর আবেদন করেননি।
কলকাতার বাসা থেকে প্রতিবেদকের সঙ্গে এক হোয়াটসঅ্যাপ আলাপে শুক্রবার শ্রীলেখা বলেন, ‘গেল ফেব্রুয়ারিতেই তো আমার ঢাকাতে যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা চালুর জন্য অপেক্ষা করে আছি।’
ছবিটিতে তিনি চলচ্চিত্রের একজন এক্সট্রা শিল্পীর চরিত্রে অভিনয় করবেন। তবে ‘পরিচালকের অনুমতি’ ছাড়া নিজের চরিত্র নিয়ে বেশি কিছু বলতে চাননি।
এর আগে ঢাকার ‘সিংহ পুরুষ’ ও ‘হঠাৎ বৃষ্টি’ নামের দুটি সিনেমায় অভিনয় করেছিলেন শ্রীলেখা। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে ঢাকায় এসেছিলেন তিনি। নিজের প্রযোজিত ও পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ অংশ নেয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে। এর জন্যই ঢাকায় এসেছিলেন তিনি।
চলতি বছর শ্রীলেখাকে ‘মায়ানগর’ সিনেমাতে দেখা গেছে। তার অভিনীত এই সিনেমাটি দর্শকদের কাছে তুমুল প্রশংসা পেয়েছিল।
সম্প্রতি নির্মাণ করেছেন ‘এবং ছাদ’। এটি শ্রীলেখার দ্বিতীয় নির্মাণ। এর আগে ‘বেটার হাফ’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তবে নির্মাতার চেয়ে অভিনয়শিল্পী হিসেবেই ভারত ও বাংলাদেশে বেশি পরিচিতি রয়েছে তার।
ঢাকার ওটিটিতে নির্মাণের আগ্রহের কথা জানিয়ে এই অভিনেত্রী-নির্মাতা বলেন, ‘ঢাকার বেশকিছু ওটিটির কাজ দেখেছি। কাজগুলো বেশ ভালো করেছে। ঢাকার ওটিটির জন্য নির্মাণের আগ্রহ রয়েছে। কখনো সুযোগ পেলে কাজ করতে চাই।’
বর্তমানে শ্রীলেখার মুক্তির অপেক্ষায় আছে সুধীর মিশ্রের হিন্দি ওয়েব সিরিজ ‘সামার অফ ’৭৭— চিলড্রেন অফ ফ্রিডম’। এ ছাড়াও কলকাতার একটি সিনেমায় অতিথি চরিত্রে এবং আইটেম সং-এ পারফর্ম করেছেন শ্রীলেখা। কাজ দুটিও মুক্তির অপেক্ষায়।


