সচল হওয়ার একদিন পরেই ফের বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। শনিবার রাতে বয়লার টিউব বিস্ফোরণে কেন্দ্রের উৎপাদন বন্ধ হলেও বিষয়টি সোমবার নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুৎকেন্দ্রটি গত শুক্রবার রাতে উৎপাদন শুরু করেছিল।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউবে ত্রুটির কারণে চলমান ইউনিট-১ এর বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ত্রুটি সারিয়ে আবার উৎপাদন শুরু করতে আরও পাঁচদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।
বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিউটের মধ্যে শুধুমাত্র ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-১ সচল ছিল। এটিও ত্রুটিজনিত কারণে গত ২৫ এপ্রিল থেকে বন্ধ থাকার পর মেরামত করে শুক্রবার রাতে সচল করা হয়। উৎপাদন শুরু হওয়ার পর কেন্দ্রটি জাতীয় গ্রিডে ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল।
অন্যদিকে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-২ গত পাঁচ বছর ধরেই বন্ধ। পাশাপাশি বন্ধ রয়েছে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-৩।
নানা কারণের এ পর্যন্ত কখনোই এই কেন্দ্রে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন হয় নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


