চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬১ জন।
এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি ও শিনহুয়া।
রয়টার্সের খবরে বলা হয়, হুনানের রাজধানী চাংশায় হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার পর এই বিস্ফোরণ ঘটে। তবে কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা যায় নি।
চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে কারখানার আশেপাশের বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে, ঘন কালো ধোয়া কুণ্ডলী পাকিয়ে চারপাশ ঢেকে ফেলেছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে প্রায় ৫০০ জন দমকলকর্মী, উদ্ধারকর্মী এবং চিকিৎসাকর্মী কাজ করেছেন।
উল্লেখ্য, বিশ্বে আতশবাজির অন্যতম সরবরাহকারী চীন। গত বছর দেশটি প্রায় ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বিশ্ববাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি।
আতশবাজি কারখানায় বিস্ফোরণ ও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও এই প্রথম নয়। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে চন্দ্র নববর্ষের সময় হুবেই প্রদেশের শিয়াংইয়াং এলাকায় আতশবাজির গোডাউনে বিস্ফোরণে শিশুসহ ১২জন নিহত হন।
প্রেসিডেন্ট শি জিনপিং এসব ঘটনায় দ্রুত তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করতে এবং দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ জোরদার, জননিরাপত্তা বৃদ্ধি এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেছেন।


