গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় মেজর জুবেন ওয়াহির নেতৃত্বে সেনা বাহিনী এ অভিযান পরিচালনা করেন।
আটক দুজন হলেন–টুঙ্গিপাড়া উপজেলার চর বয়রা গ্রামের আব্দুল হাকিম শেখ এবং নিলফা গ্রামের মনিরুল ইসলাম।
তারা দাবি করতেন, একজন দৈনিক অপরাধ তথ্য চিত্র এবং অন্যজন দৈনিক দিনের আলো–দুটি কথিত সংবাদপত্রের সাংবাদিক।
তবে বাস্তবে যেসব পত্রিকার সরকারি কোনো অনুমোদন নেই। তা ছাড়া, আব্দুল হাকিম নিজেকে টুঙ্গিপাড়ার অননুমোদিত প্রেস ক্লাবের সহসভাপতি এবং মনিরুল ইসলাম নিজেকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।
সেনা সূত্রে জানা গেছে, ঘোনাপাড়া এলাকার বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে সম্প্রতি একাধিক অভিযোগ এসেছে।
অভিযোগে বলা হয়, দুই ব্যক্তি সাংবাদিক পরিচয়ে দোকানের কথিত ‘অনিয়ম’ ধরিয়ে দেওয়ার হুমকি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করেন।
বিষয়টি নজরে এলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, আটকদের কাছ থেকে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, দুটি মোবাইল ফোন এবং চাঁদাবাজির মাধ্যমে আদায় করা ৪ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদর সেনা ক্যাম্পে নেওয়া হয়। পরে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে এ দুই ব্যক্তি তাদের নানাভাবে হয়রানি করে আসছিলেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীকে জানানো হলে দ্রুত অভিযান পরিচালিত হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভুয়া পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।


