গোপালগঞ্জে তিনটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। তবে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলায় শহরতলীর গুরুত্বপূর্ণ তিন ভোটকেন্দ্রে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, সদর উপজেলার গোবরা নিলারমাঠ নামক এলাকায় শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনে এসব ককটেল নিক্ষেপ করে যায় দুর্বৃত্তরা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে কে বা কারা সদর উপজেলা নিলারমাঠ এলাকায় সড়কের ওপরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ছাড়াও রাত ৮টার দিকে জেলা শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।


