কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে হাত পাখা ও ধানের শীষ প্রতীকের সাত কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাত ও বুধবার বিকালে দুই দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বুধবার বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে এম জিয়াউল হক, আরাফাত ও সাজ্জাদ নামের তিন বিএনপি কর্মী এবং আগের দিন রাতে ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকা থেকে ইসলামী আন্দোলনের চারজনকে আটক করে থানায় সোপর্দ করে যৌথবাহিনী।
স্থানীয়রা জানান, আটক ব্যক্তিরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রের সংরক্ষিত এলাকায় প্রভাব বিস্তার করে ব্যানার লাগাচ্ছিলেন। এ সময় টহলরত যৌথ বাহিনী তাদের আটক করে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মজদার বলেন, আটক চারজনকে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য তিনজনের বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


