রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর দুই সহযোগীকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)।
এর আগে, দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার।
এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের আবারও তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় তাদের গত ১ মে চার দিন এবং ৫ মে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ মে বিকালে রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারের সামনের রাস্তায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বেশ কিছু ব্যক্তি সরকারবিরোধী বিভিন্ন মিছিল দিতে থাকেন। সেখানে অভিযান চালিয়ে মাদারীপুরের ইলিয়াস আহমদে চৌধুরী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি আবির হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ঘটনায় রমনা মডেল থানার উপপরিদর্শক আওলাদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে রিমান্ডে নেওয়া হলো।


