দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে হামে আক্রান্ত হয়ে একজন নিশ্চিত এবং উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১০ জনে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৬ হাজার ৪৯০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮২ জন রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট বিভাগে তিনজন, যার মধ্যে সুনামগঞ্জ জেলায় দুজন মারা গেছেন। এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মারা গেছেন ৫৮ জন এবং সন্দেহজনক মৃত্যু হয়েছে ২৮৫ জনের।
হামের প্রকোপ সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৫৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২১৩ জন, রাজশাহীতে ১৬৪ জন এবং সিলেটে ৬৪ জন রোগী শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তির চিত্রে দেখা গেছে, বর্তমানে সারা দেশে মোট ৩২ হাজার ৮৬২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ২৯ হাজার ১৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলমান হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ এর আওতায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এ পর্যন্ত সারা দেশে ১ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৭৮৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০১%।
সিটি করপোরেশনগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে টিকাদানের হার যথাক্রমে ১০২% ও ৯৯%। তবে সিলেট সিটি করপোরেশনে এই হার তুলনামূলক কম ৯৩%। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ লাখ ৪৩ হাজার ২৪৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।


