দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’।। তবে মুক্তির পর সিনেমাটি নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা ছিল, তার চেয়ে বেশি চর্চা হচ্ছে এর তারকাদের অনুপস্থিতি ও পর্দার বাইরের নানা জটিলতা ঘিরে।
শুক্রবার (৮ মে) দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাখাল সবুজ পরিচালিত এই সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। কিন্তু মুক্তির আগে কিংবা পরে সিনেমার প্রচারণায় কোথাও দেখা যায়নি এই জুটিকে।
জানা গেছে, সিনেমাটির পুরো পারিশ্রমিক এখনও বুঝে পাননি রোশান। এ কারণেই প্রচারণা থেকে দূরে রয়েছেন তিনি। পাশাপাশি সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েও তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ অভিনেতার।
এ বিষয়ে রোশান বলেন, ‘এখনও আমার পুরো পারিশ্রমিক পাইনি। সিনেমা মুক্তি নিয়েও আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তাই প্রচারে অংশ নিইনি।’ যদিও সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেছেন তিনি।
অন্যদিকে শবনম বুবলিকে ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। গত মার্চের পর থেকেই কার্যত আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের সঙ্গেও তার যোগাযোগ নেই বলে জানা গেছে। শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বুবলী। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় তুলে ধরা হয়েছে বাংলার লাঠিয়ালদের সংগ্রামী জীবন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনন জামান।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায় সিনেমাটি। পরে প্রিভিউ কমিটির পরামর্শে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’। শেষ পর্যন্ত এই নামেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে প্রেক্ষাগৃহে এসেছে ছবিটি।


