চট্টগ্রামে বিরল মশাবাহিত রোগে এক বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ধারণা, জাপানিজ এনসেফালাইটিস কিউলেক্স প্রজাতির এই ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) অধ্যাপক জাকিয়া সুলতানা জুথি।
পারিবারিক ও হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ৪ মে জ্বর, তীব্র মাথাব্যথা ও বমি নিয়ে অসুস্থ হয়ে পড়েন জাকিয়া সুলতানা। প্রথমে তাকে নগরের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে তিনি একাধিক স্ট্রোকে আক্রান্ত হন এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও সেখানে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।
এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে পৌঁছানোর সময় রোগী ক্লিনিক্যালি ‘ব্রেইন ডেড’ অবস্থায় ছিলেন। রোগীর উপসর্গ ও পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকদের প্রবল সন্দেহ, তিনি কিউলেক্স প্রজাতির মশার মাধ্যমে ছড়ানো ‘জাপানিজ এনসেফালাইটিস’ ভাইরাসে আক্রান্ত ছিলেন। এই ভাইরাস মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে গুরুতর সংক্রমণ ঘটায়।
সিভাসুর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের অধ্যাপক জাকিয়া সুলতানা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্টডক্টরেট সম্পন্ন করেন। চলতি বছরের শুরুতে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান।
জুথির মরদেহ তার শ্বশুরবাড়ি ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়েছে এবং শুক্রবার সকালে সেখানে তাকে দাফন করা হয়েছে।


