গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনের আগে গণভোট হলে জাতীয় নির্বাচন তার গুরুত্ব হারাবে।’
শুক্রবার বিকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি পূর্ববর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল জোট করে বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে। তবে তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে, এ দেশের জনগণ তা মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল। এর আগে শেখ মুজিবুর রহমানের হাতে দেশে একদলীয় সরকারের ব্যবস্থা চালু হয়। তবে ৭ নভেম্বরের মধ্য দিয়ে জিয়াউর রহমান নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘যে সংস্কারের কথা আজ বলা হয়, সেই সংস্কারের শুরু করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি যে সংস্কারের কথা বলেছে বা নোট অব ডিসেন্ট দিয়েছে, তা জুলাই সনদে লিপিবদ্ধ করা হয়নি।’
শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষ নতুন দেশ নির্মাণ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি আবারও আলোচনায় বসে, তাহলে এতদিন ধরে ঐকমত্য কমিশন যে আলোচনা করেছে, তার কী মানে হলো।’


