সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি এবং সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া মিজানুর রহমান সিনহার কফিনে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের আগে, স্মৃতিচারণমূলক বক্তব্য দেন স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রধান হুইপ।
মরহুমের ছেলে তানভীর সিনহা তার বাবাকে রাষ্ট্রীয়ভাবে সন্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন।
এর আগে সংসদের দক্ষিণ প্লাজায় কালো পতাকায় আচ্ছাদিত মঞ্চে এনে রাখা হয় মিজানুর রহমান সিনহার মরদেহ। এরপর জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সংসদ মসজিদের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।
জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

গত শুক্রবার গভীর রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ওষুধ প্রস্তুতকারক এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন।


