ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর ক্যাম্পাসে অবস্থিত ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল কর্তৃক দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতাটি সোমবার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডুয়েট উপাচার্য মোহাম্মদ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট উপ-উপাচার্য অধ্যাপক মো আরেফিন কাওসার, পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক উৎপল কুমার দাস এবং পরিচালক শারীরিক শিক্ষা কেন্দ্র অধ্যাপক কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ডুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক মো খসরু মিয়া।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক মো আ রউফ মিয়া।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।


