কৃষকদের ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজপথে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
তিস্তা সেচ খালের বাঁধ ভেঙে নীলফামারীতে প্রায় ৪০০ বিঘা জমির ফসল নষ্ট হওয়ার ঘটনায় এ কঠোর অবস্থানের ডাক দেন তিনি।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রতি এক খোলা চিঠিতে মুসাদ্দিক আলী বলেন, ‘তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের হলেও ভারতের আপত্তির কারণে কোনো সরকারই কার্যকর উদ্যোগ নেয়নি। উত্তরবঙ্গের মানুষ মাটির সঙ্গে যুক্ত হলেও প্রতিটি সরকার তাদের শোষণ করেছে।’
‘কথা ছিল, ৫ আগস্ট পরবর্তী সরকার এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে, ভারতের সঙ্গে সব অসম চুক্তি বাতিল করবে! অথচ উদ্যোগ নেওয়া তো দূরে থাক উল্টো আমরা দেখলাম ইউনূস ভারতকে ১২০০ টন ইলিশ উপহার দিল!’, অভিযোগ করেন এই ডাকসু নেতা।
সংবাদমাধ্যমে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘তিস্তার ক্যানেল ভেঙে নীলফামারিতে প্রায় ৪০০ বিঘা জমির আলু ও সরিষার ফসল নষ্ট হয়েছে। এ ক্ষতির দায় সরকারেরই বহন করা উচিত।’
মুসাদ্দিক আলী বলেন, ‘এই কৃষকদের চোখের পানি মোছার দায়িত্ব ইউনূসকেই নিতে হবে। কালবিলম্ব না করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।’
সেইসঙ্গে অন্তর্বর্তী সরকারের শাসনামলে গত দেড় বছরে ভারতের সঙ্গে হওয়া কয়টি অসম চুক্তি বাতিল করা হয়েছে সেটি জাতির সামনে প্রকাশ করার দাবিও জানান তিনি।


