ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফি। ২০২৬ সালের পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া।
মঙ্গলবার পুরুষ বিভাগে ১০ জন ও নারী বিভাগে পাঁচ গোলরক্ষকের মনোনয়ন ঘোষণা করা হয়।
ফুটবল ইতিহাসে একমাত্র গোলরক্ষক হিসেবে ব্যালন ডি’অর জেতা লেভ ইয়াশিনের নামে এই পুরস্কার দেওয়া হয়। ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য, মাঠের আচরণ ও ফেয়ার প্লে বিবেচনায় বিজয়ী নির্বাচন করা হয়।
২০২৫ সালে ইয়াশিন ট্রফি জিতেছিলেন ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মা। এবার তিনি মনোনয়ন পাননি। ফলে নতুন একজন গোলরক্ষক পুরস্কারটি জিতবেন।
৪০ বছর বয়সী ভোজিনিয়া ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে অন্যতম দাবিদার হয়েছেন।
মনোনয়ন পাওয়া অন্য গোলরক্ষকরা হলেন থিবো কোর্তোয়া, জোয়ান গার্সিয়া, ডেভিড রায়া, এমিলিয়ানো মার্তিনেজ, মাতভেই সাফোনভ, গ্রেগর কোবেল, ইয়াসিন বুনু, এদুয়ার্দ মেন্দি ও উনাই সিমন।
জোয়ান গার্সিয়া প্রথমবার মনোনয়ন পেয়েছেন। ডেভিড রায়া সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে গোল্ডেন গ্লাভ জিতেছেন। এমিলিয়ানো মার্তিনেজ ২০২৩ ও ২০২৪ সালে টানা দুইবার ইয়াশিন ট্রফি জিতেছিলেন।
পুরুষ ইয়াশিন ট্রফির মনোনয়ন
ইয়াসিন বুনু (আল হিলাল)
থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)
গ্রেগর কোবেল (বরুশিয়া ডর্টমুন্ড)
জোয়ান গার্সিয়া (বার্সেলোনা)
এদুয়ার্দ মেন্দি (আল আহলি)
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা/চেলসি)
ডেভিড রায়া (আর্সেনাল)
ভোজিনিয়া (শাভেস/কোলো-কোলো)
উনাই সিমন (অ্যাথলেটিক ক্লাব)
মাতভেই সাফোনভ (পিএসজি)
নারী ইয়াশিন ট্রফির মনোনয়ন
গত বছর প্রথমবার নারী ইয়াশিন ট্রফি দেওয়া হয়। প্রথম পুরস্কার জেতেন চেলসির হান্না হ্যাম্পটন। এবারও মনোনয়ন পেয়েছেন তিনি।
এবারের তালিকায় রয়েছেন আন-কাত্রিন বার্গার, কাতা কোল, লোরা ও আয়াকা ইয়ামাশিতা। গতবার বার্গার দ্বিতীয় ও কাতা কোল তৃতীয় হয়েছিলেন।
নারী ইয়াশিন ট্রফির মনোনয়ন
আন-কাত্রিন বার্গার (গথাম এফসি)
কাতা কোল (বার্সেলোনা)
লোরা (কানসাস সিটি কারেন্ট)
হান্না হ্যাম্পটন (চেলসি)
আয়াকা ইয়ামাশিতা (ম্যানচেস্টার সিটি)
এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান হবে লন্ডনে। আগামী ২৬ অক্টোবর পুরস্কার দেওয়া হবে। সেদিন পুরুষ ও নারী ইয়াশিন ট্রফির বিজয়ীর নাম ঘোষণা করা হবে।


