এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী সানজিদা ইসলাম।
বুধবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সানজিদা ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে। তিনি জবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। মাস্টার্স শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। এক বছর আগে তার বিয়ে হয় তাজ আহমেদ নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর সঙ্গে। তারা দুজন ঢাকার বিমানবন্দর এলাকায় বসবাস করতেন।
তার মামা মো. তুষার খন্দকার বলেন, ‘দুই মাস আগে সানজিদার শরীরে একটি অস্ত্রোপচার হয়েছিল। এরপর কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। কিন্তু শরীরের ব্যথা দীর্ঘদিন চলতে থাকায় তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। দুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডায়রিয়া দেখা দিলে মঙ্গলবার তাকে স্থানান্তর করা হয় কলেরা হাসপাতালে। মধ্যরাতে অবস্থার আরও অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়।’
বুধবার সকালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি ডেঙ্গুতে আক্রান্ত। কিন্তু সংক্রমণের বিষয়টি জানার এক ঘণ্টার মধ্যেই সানজিদা মারা যান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, সানজিদা মেডিসিন ওয়ার্ডের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন। মৃত্যুর পর স্বজনরা তার মরদেহ নিয়ে মেহেরপুরের গ্রামের বাড়িতে চলে যান।


