কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে হত্যা মামলায় প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে মামলার অভিযোগপত্রভুক্ত অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন বলেন, ‘মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালত প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জানান, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওই এলাকার আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম এবং তাদের সপ্তম শ্রেণির ছাত্রী মেয়ে জন্নাতুল ফেরদৌস নিহত হন।
উক্ত ঘটনায় ওই বছর ২২ জানুয়ারি নিহত রাশেদা বেগমের স্বামী আজিজুল হক বাদী হয়ে ঈদগাঁও থানায় আবুল কালামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার অপর আসামিরা ছিলেন আবুল কালামের ভাই আবুল তাহের, স্ত্রী হামিদা বেগম এবং আবুল তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম।
তদন্ত শেষে ২০২১ সালের ১৪ জুলাই পুলিশ আবুল তাহেরকে অব্যাহতি দিয়ে আবুল কালাম, হামিদা ও মনোয়ারার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত অভিযোগপত্র আমলে নিয়ে বিচারকার্য পরিচালনা শেষে বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।


