টাঙ্গাইলে বিএনপি নেতা এসএম আনিছুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আনিছুর রহমান সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। হত্যাকাণ্ডের পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়নের কুইজবাড়ি লিওন বেকারিতে ৪-৫ জন মুখোশধারী প্রবেশ করে। তারা বেকারির মালিক আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে।


