রাজধানীর মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলে নিতে ব্যবসায়ী মো. নওশাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সন্ত্রাসী ‘আশিক বাহিনী’র বিরুদ্ধে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়াসহ তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার বেলা ১১টায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানান নওশাদ।
সংবাদ সম্মেলনে নওশাদ জানান, তিনি কয়েক বছর ধরে মপটা ফোর নামে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছেন। এই ব্যবসার আয় দিয়েই তিনি ও তার পরিবারের সদস্যরা জীবিকা নির্বাহ করেন। গত এক বছর ধরে মিরপুরের কয়েকজন সন্ত্রাসী তার ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে তাকে হুমকি দিচ্ছে। কখনো সরাসরি এসে আবার কখনো মোবাইল ফোনে তাকে হুমকি দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আশিক তাকে ফোন করে ব্যবসা বন্ধ করে তাদের হাতে তুলে দিতে বলে। ব্যবসা চালিয়ে যেতে হলে ১০ লাখ টাকা চাঁদা এবং পরবর্তী সময়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে হবে বলেও অভিযোগ করেন তিনি।
নওশাদের অভিযোগ, সন্ত্রাসী গ্রুপটি তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দিয়ে আসছে। এমনকি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও অভিযোগ করা হয়েছে।
তিনি জানান, তার ব্যবসা দখলে নেওয়ার উদ্দেশ্যে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তাকে ডিবি পুলিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেখানে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র রাখার অভিযোগ করা হয়েছিল। পরে তিনি ডিবিকে বিস্তারিত জানান। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় ডিবি তাকে ছেড়ে দেয়।
তিনি আরও অভিযোগ করেন, সরাসরি ব্যবসা দখলে নিতে ব্যর্থ হয়ে সন্ত্রাসী গ্রুপটি কয়েকদিন আগে মিরপুরের একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ভিডিও তৈরি করে ছড়িয়ে দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিকে দিয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে নওশাদ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।


