অন্তর্বর্তী সরকার কয়েকটি রাজনৈতিক দলের চাপে দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরে জেলা এবি পার্টি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে জোর করে ক্ষমতায় থাকা যায় না। তিনটি রাজনৈতিক দলকে সরকার খুশি করার চেষ্টা করছে। তাদের চাপে সরকার দিশেহারা হয়ে পড়ছে। অথচ অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো এমন ছিল, তাদের চাপে রাজনৈতিক দলগুলো দিশেহারা হয়ে পড়ত।’
এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘লেবেল প্লেয়িং ফিল্ড’ বজায় থাকার কথা থাকলেও ব্যক্তি স্বার্থ নিয়ে বিএনপি-বিএনপি সংঘর্ষ, বিএনপি-জামায়াত সংঘর্ষ, খুনোখুনি ও রাজনৈতিক চক্রান্ত চলছে বলে জানান তিনি।
এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে কিনা তা নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন মজিবুর রহমান।
মতবিনিময় সভায় ঝিনাইদহের ৩টি আসনে এবি পার্টি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন মজিবুর রহমান মঞ্জু। মনোনীত প্রার্থীরা হলেন- ঝিনাইদহ-১ আসনে এবি পার্টি মনোনীত মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ আসনের যুব ইউনিটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাদিউজ্জামান খোকন, ঝিনাইদহ-৩ আসনে মুফতি মুজাহিদুল ইসলাম।


