খুলনার হরিণটানা এলাকায় একটি বাড়ির উঠান থেকে প্রায় পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া এক ইজিবাইকচালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে হরিণটানা রেলসেতু-সংলগ্ন বুলু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ির উঠান খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুন।
পুলিশ জানায়, সোমবার সকালে পারিবারিক কলহের জেরে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। সেখানে তিনি দাবি করেন, তার স্বামী প্রায় পাঁচ মাস আগে মারুফ নামে এক ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির উঠানে পুঁতে রাখেন এবং ইজিবাইকটি খুলে টুকরো টুকরো করে বিক্রি করে দেন।
এ তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুরাদ মোল্লাকে আটক করে। পরে তাদের দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য কঙ্কালটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হরিণটানা থানার তদন্ত ওসি মুরাদ হোসেন মিলন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রমজান মাসের কোনো এক রাতে পূর্বপরিচিত মারুফকে ফোন করে বাড়িতে ডেকে আনা হয়। পরে ইজিবাইকে বসা অবস্থায় পেছন থেকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। সেদিন রাতেই বাড়ির উঠানে মরদেহ পুঁতে রাখা হয় এবং পরে ইজিবাইকটি খুলে বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়া হয়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ইজিবাইকের একটি নম্বরপ্লেট উদ্ধার করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ইজিবাইকটির মালিক খালিশপুরের ৪/১ মুজগুন্নী মেইন রোডের বাসিন্দা মোল্লা মো. মোস্তফা। নিহতের পরিচয় নিশ্চিত করতে এবং ঘটনার বিস্তারিত জানতে তাকে নিয়ে পুলিশ কাজ করছে।
পুলিশ জানিয়েছে, আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


