দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুইজন মারা গিয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হলো। নতুন করে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ রোগী।
মৃতদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবং অন্যজন চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের একজন ২৬ থেকে ৩০ বছর এবং অন্যজন ৩১ থেকে ৩৫ বছর বয়সী বলে জানা গেছে এবং তারা উভয়ই নারী।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ২৯৭ জন সরকারি হাসপাতালে এবং ৩০ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট আট হাজার ৬৫০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ৮০০ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৫ জন নারী (৫৫ দশমিক ৬ শতাংশ) এবং ১২ জন পুরুষ (৪৪ দশমিক ৪ শতাংশ)।
বিভাগ ও সিটি কর্পোরেশন ভিত্তিক গত ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন এলাকা ব্যতীত) সর্বোচ্চ ৬১ জন এবং বরিশাল বিভাগে ৬১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ৪৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৩৮, চট্টগ্রাম বিভাগে ৪৮, খুলনা বিভাগে ৪৫, ময়মনসিংহ বিভাগে ১৭, রাজশাহী বিভাগে নয়, রংপুর বিভাগে চার এবং সিলেট বিভাগে একজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর দেশের বিভিন্ন বিভাগে সর্বমোট আক্রান্তের সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ তিন হাজার ৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে দুই হাজার ৫৬ জন এবং মহানগরীর বাইরে এক হাজার ১৭ জন চিকিৎসাধীন ছিলেন।
এ ছাড়া বরিশাল বিভাগে দুই হাজার ২৪২ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৫২০ জন, খুলনা বিভাগে এক ১২৬ জন, রাজশাহী বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ২৮৩ জন, সিলেট বিভাগে ৭৭ জন এবং রংপুর বিভাগে সর্বমোট ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৭ জনের বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ জন মারা গিয়েছে, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ছয়জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পাঁচজন এবং ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে একজন মারা গিয়েছেন।
এ ছাড়া ময়মনসিংহে পাঁচজন, চট্টগ্রামে চার, খুলনায় তিন, বরিশালেদুই এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত সিলেট ও রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


