হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ। রথযাত্রায় কোনো নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী যাতে হামলা বা আক্রমণ করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখছেন পুলিশ ও গোয়েন্দারা। নিরাপত্তা পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে বিশেষ সভাও করেছে পুলিশ।
বৃহস্পতিবার রথযাত্রা ও ২৪ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরে, বিশেষ করে চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার ও সহকারী হাইকমিশনার উপস্থিত থাকবেন। রথযাত্রায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চলছে, পুলিশ তা নাকচ করে দিয়েছে।
গত ১২ জুলাই সকালে ডিএমপি সদরদপ্তরে কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় রথযাত্রার নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়–রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদযাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা ও সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন।
নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে রথযাত্রা শেষ করা, নামাজ ও আজানের সময় লাউড স্পিকার বা মাইক বন্ধ রাখা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা, ব্যাগ-পোটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানোর জন্য সভায় অনুরোধ করা হয়েছে।
গুজব থাকলেও নিরাপত্তায় বিশেষ গুরুত্ব
এদিকে, কয়েকটি নিষিদ্ধ উগ্রবাদী গোষ্ঠী রথযাত্রা ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চলছে, তাকে গুজব বলছে পুলিশ। উগ্রবাদী গোষ্ঠীর সমর্থকরা রথযাত্রার পথ ও আশপাশে সাদা-কালো পতাকায় আরবি ভাষায় লেখা ব্যানার প্রদর্শন করে পরিস্থিতি ভিন্ন দিকে নিতে পারে এবং উৎসবের আয়োজন পণ্ড করার পরিকল্পনা করছে বলে অপপ্রচার চলছে।
ঢাকায় ঢাকেশ্বরী মন্দির, জয়কালী মন্দির, বনানী মাঠ এবং ঢাকার বাইরে রংপুর, পুঠিয়া ও রাজবাড়ীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার ছক আঁটার এই প্রচারণাকে গুজব বলে উড়িয়ে দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে।
পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেছেন, রথযাত্রা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। তবে নিরাপত্তায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না। যেসব স্থানে রথযাত্রা অনুষ্ঠিত হবে, সবখানেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে এবং সাদা পোশাকে নজরদারি চালাবেন গোয়েন্দারা।


