জকসু নির্বাচনে শিবিরের জয়: ভিপি রিয়াজুল, জিএস আরিফ

জকসু নির্বাচনে শিবিরের জয়: ভিপি রিয়াজুল, জিএস আরিফ
জকসু নির্বাচনে বিজয়ীরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি ও এজিএসে পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ভিপি, জিএস এবং এজিএস তিন পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

ঘোষিত তথ্য অনুযায়ী, মোট ৩৯ কেন্দ্রের মধ্যে প্রকাশিত ৩৮ কেন্দ্রের ভোটে ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম ৮৭০ ভোট বেশি পেয়ে ৫৫৫৮ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব পেয়েছেন ৪৬৮৮ ভোট। জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ ৫৪৭৫ ভোট পেয়ে ৩২৫২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রার্থী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২২২৩ ভোট। বাকী একটি কেন্দ্রে হল সংসদের ভোটগ্রহণ করা হয়।

৫০২০ ভোট পেয়ে এজিএস পদেও জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাসুদ রানা। তার নিকটতম প্রার্থী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৪০২২ ভোট। তাদের ভোটের ব্যবধান ৯৯৮টি।

শিবির সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নূরনবী ভোট পেয়েছেন ৫৪০০, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল ৫৫২৪ ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোছা. সুখীমন খাতুন ৪৪৮৬, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নূর মোহাম্মদ ৪৪৭০, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে হাবিব মো. ফারুক আজম ৪৬৫৪, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশীন নওয়ার জয়া ৪৫০১, ক্রীড়া সম্পাদক পদে মো. জর্জিস আনওয়ার ৩৯৬৩, সমাজসেবা ও শিক্ষার্থী বিষয়ক সম্পাদক পদে মুস্তাফিজুর রহমান ৩৪৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী পদে জয়ী ফাতেমা আক্তার(অওরিন) পেয়েছেন ৩৮৫১ ভোট, আকিব হাসান পেয়েছেন ৩৫৮৮ ভোট, শান্তা আক্তার পেয়েছেন ৩৫৫৪ ভোট, মো. আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ২৯১৭, মো. মেহেদী হাসান পেয়েছেন ৩৩৪৮ ভোট।

আরও পড়ুন

ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ৫জন। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে জয়ী মো: তাকরিম মিয়া ভোট পেয়েছেন ৫৩৮৫টি, পরিবহন সম্পাদক মোঃ মাহিদ হোসেন ভোট পেয়েছেন ৪০২৩টি, পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব ভোট পেয়েছেন ৪৬৯৮টি।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে জয়ী মো. সাদমান আমিন পেয়েছেন ৩৩০৭ ভোট। স্বতন্ত্র থেকে একমাত্র বিজয়ী জাহিদ হাসান পেয়েছেন ৩১২৪ ভোট।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল সংসদে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন। ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে মোছা. জান্নাতুল উম্মি, জিএস পদে সুমাইয়া তাবাসসুম জয়ী হয়েছেন।

জয়ের পর অনুভূতি জানিয়ে বিজয়ী জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের ম্যান্ডেট দিয়ে বিজয়ী করেছে। এছাড়াও এ নির্বাচনে সংশ্লিষ্ট যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমরা বিজয়ী হলেও সকল প্যানেলের সব প্রার্থীদের নিয়ে একসঙ্গে কাজ করব।’

এর আগে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৪টার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়। ঐদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে গণনার তথ্যের মধ্যে গড়মিল ধরা পড়ায় দীর্ঘ সময় গণনা কার্যক্রম বন্ধ রাখতে হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর গভীর রাতে আবার গণনা শুরু হয়। এরপর একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা হতে থাকে।

দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হলো। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও হয়। জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। আর হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২৪২ ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর