মাগুরার মহম্মদপুর ও আলমখালী এলাকায় নসিমন ও বাসের চাপায় দুই জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, ওষুধ ব্যবসায়ী মো. বজলুর রহমান (৬২) ও মো. আশিক (১৭)।
বুধবার বিকাল ৩টার দিকে মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিনচালিত দ্রুতগতির নসিমন তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই হাসপাতালের সামনে ওষুধের ব্যবসা করতেন।
অন্যদিকে সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার আলমখালী বাজার এলাকায় বাসের চাপায় নিহত হয় মো: আশিক (১৭) নামে এক কিশোর। তার বাড়ি সদরের দেরুয়া গ্রামে।
জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল চালিয়ে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে আলমখালী এলাকায় গেলে সেখানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। দুটি ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।


