বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা। এই ধারাবাহিকতায় আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে জানান, দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব একদিন আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। সেখানে গত রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সেই অনুযায়ী সৌদিতে ২৬ মে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে, তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান দেশও ২৭ মে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।


