গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে।
রুলে দেশের গ্রামাঞ্চলে ভূমিহীন ঋণগ্রহীতাদের থেকে তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের নেওয়া বেশি ক্ষুদ্রঋণের সুদের হার কমাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টা/পরামর্শক মুহাম্মদ ইউনূসকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা এস চৌধুরী।
আইনজীবী ফাতেমা এস চৌধুরী সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার তফসিলি ব্যাংকের সমান করতে রুল জারি করেছে আদালত।
তিনি আরও বলেন, ‘যেহেতু গ্রামীণ ব্যাংকের সুদহার ২০ ভাগ বা তার ওপরে। আমরা চিঠি দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের বলেননি। বলেছেন, তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবেন।’


