দৌলতদিয়া ঘাট এলাকায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আর কোন মরদেহের সন্ধান পায়নি উদ্ধারকারীরা।
রাজবাড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা এ তথ্য টাইমসকে নিশ্চিত করেন। তিনি জানান, নিখোঁজ যাত্রীদের মরদেহ না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তৃতীয় দিনের মতো এই অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নেভীসহ অন্যান্য সংস্থা। শুক্রবার সকাল ৮টা থেকে এই উদ্ধারকাজ শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাত দশটার দিকে কার্যক্রম সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
তিনদিন ধরে চলমান এই কার্যক্রমে এখন পর্যন্ত মোট ২৬ মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে ৪৫ জনের মতো যাত্রী ছিলেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে। একে একে নদী থেকে তুলে আনা হয় ২৬ জনের মরদেহ। জীবিত উদ্ধার করা হয় ৮ জনকে।


