মানবতাবিরোধী অপরাধ মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। মামলায় ১৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
এদিন বিচারপতিরা ট্রাইব্যুনালের এজলাসে বসেননি। বেলা ১২টার পরে খাসকামরা থেকে আদেশের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
আদেশের সময় জিয়াউল আহসানের আইনজীবী নাজনিন নাহার আদালতে উপস্থিত ছিলেন। এর আগে, জিয়াউল আহসানকে কাঠগড়ায় হাজির করানো হয়।
গত ২৬ নভেম্বর তদন্ত শেষ না হওয়ায় প্রসিকিউশন সময়ের আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে সেদিনের আদেশে ১১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে আদালত।
মামলার ১১ আসামির মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তদন্তের স্বার্থে বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি।


