শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধের জন্য সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে শিক্ষকদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে দলটি।
বুধবার এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের শিক্ষকরা পেশাজীবী সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে অবহেলিত। চাকরি জীবনে কম মজুরি ও অসম্মানের শিকার হওয়া ছাড়াও অবসরে যাওয়ার পর তাদের প্রাপ্য অর্থের জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ শতাংশ শিক্ষক অবসরের টাকা না পেয়েই মারা যান এবং অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত হয়ে জীবনযাপন করছেন।
এনসিপি মনে করে, জাতি গড়ার কারিগর শিক্ষকদের এই অবস্থা লজ্জাজনক। শিক্ষকদের অবসর ও কল্যাণ ফান্ডের হাজার কোটি টাকা লুটপাট হয়েছে অথচ লুটপাটকারীদের বিরুদ্ধে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
শিক্ষকদের ভোগান্তি দূর করার জন্য এনসিপি সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিন দফা দাবি উত্থাপন করে। সেগুলো হলো- (১) শিক্ষকরা অবসর গ্রহণের ১৮০ দিনের মধ্যে তাদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ পাওনা বুঝিয়ে দেওয়া, (২) সব শিক্ষক তাদের বেতন থেকে কর্তনের টাকার পরিমাণ জানতে পারবেন এবং সেই ফান্ড থেকে ঋণ নেওয়ার সুবিধা চালু করা (৩) বিগত সময়ে ফান্ডের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে লুট হওয়া অর্থ শিক্ষকদের ফান্ডে ফেরত আনার ব্যবস্থা করা।
সরকার দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেছে এনসিপি। অন্যথায় সব শিক্ষকদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় দলটি।


