ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রলি চালকের হেল্পার।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রলির হেল্পার শামীমকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম জালাল উদ্দিন (৫০)। তিনি কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্সের একটি ট্রলি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে আসে। ইট নামিয়ে ফেরার পথে ট্রলিটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক জালাল উদ্দিন নিহত ও তার হেল্পার গুরুতর আহত হন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় রেলওয়ে পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।


