ঢাকার পল্লবীতে নির্মমভাবে হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাসভবনে গিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার ঈদুল আজহার দিনে তিনি রামিসার পল্লবীর বাসায় যান।
এ সময় রামিসার পিতার কান্না ও আহাজারিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি রামিসার পরিবারের খোঁজ নেন।
হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। পাশাপাশি রামিসার বড় বোন রাইসার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্বও প্রধানমন্ত্রী নিয়েছেন বলে তিনি জানান।
রিজভী আরও উল্লেখ করেন, তারা সবাই রাইসার আত্মীয় হিসেবে সবসময় এই পরিবারের পাশে থাকবেন।
প্রসঙ্গত, গত ১৯ মে ঢাকার পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যা করে সোহেল রানা নামে এক ব্যক্তি। বর্তমানে অভিযুক্ত আসামি কারাগারে রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ইকবালুর রহমান রোকন।


