খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) তিন দফা দাবির বাস্তবায়নে প্রশাসনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
শুক্রবার সাধারণ শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে ২৩৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক মো. রুবেল আনসারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তৃতীয় দাবির বিষয়ে শিক্ষার্থীরা জানান, ‘স্পন্দন ২৪’ ক্লাব বিতর্কিত কমিটি বিলুপ্ত করে সব কার্যক্রম স্থগিত করেছে। রোববার ক্লাবটির নিবন্ধন বাতিলের আবেদন ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরে জমা দেওয়া হবে।
প্রথম দাবির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যানটিন কর্মীর বিরুদ্ধে সংঘটিত যৌন হয়রানির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চার ধারায় মামলা করেছে। অভিযুক্ত ও তার স্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন। ঘটনার আগে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রভোস্টের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা হয়েছে। শিক্ষার্থীরা তা পর্যালোচনার সুযোগ পাবেন।
দাবিগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিষয়টি পর্যবেক্ষণে রাখবেন শিক্ষার্থীরা। ভবিষ্যতে কোনো ধরনের অবহেলা বা অসহযোগিতামূলক আচরণ পরিলক্ষিত হলে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


