স্কুল-কলেজের শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, দলগত কাজ ও সমস্যা সমাধানের মতো সফট স্কিল উন্নয়নে অ্যালামনাই নেটওয়ার্ককে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘এলাকার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) সম্পৃক্ত করে শিক্ষার্থীদের জন্য সফট স্কিলভিত্তিক প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা যেতে পারে।’
শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও সফট স্কিল বিষয়ে দক্ষ করে তোলার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অনলাইনের মাধ্যমে শিক্ষকদের সফট স্কিল প্রশিক্ষণ দিয়ে “মাস্টার ট্রেইনার” হিসেবে গড়ে তোলা যেতে পারে। পরে তারা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন।’
শিক্ষক এবং অ্যালামনাইরা সহযোগিতা করলে মোহাম্মদপুর এলাকার জন্য এই ধরনের ব্যবস্থা করার কথা জানান ববি হাজ্জাজ।
তিনি বলেন, ‘এ ধরনের কর্মসূচির মাধ্যমে হয়তো আমরা দেশব্যাপী অনুসরণযোগ্য একটি উদাহরণ তৈরি করতে পারব।’
মোহাম্মদপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক সাবেক শিক্ষার্থী এখন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের স্কুল-কলেজে এনে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও কর্মক্ষেত্রের প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা করার প্রস্তাবনা দেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে তিনি পর্যায়ক্রমে মোহাম্মদপুর এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সে সময় নারী শিক্ষার্থীদের জন্য অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি, শিক্ষার্থী ভলান্টিয়ার কার্যক্রম, সিসিটিভি স্থাপন, পাঠাভ্যাস, ক্রীড়া-সংস্কৃতি কার্যক্রমের পাশাপাশি শিক্ষকদের সফট স্কিল উন্নয়নের উদ্যোগও মূল্যায়ন করবেন।
মতবিনিময় সভায় মোহাম্মদপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফারহানা ইয়াসমিন বলেন, শ্রেণিকক্ষে আনন্দের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানের নিশ্চয়তা এবং সময়োপযোগী পাঠ্যসূচি প্রণয়ন করা জরুরি। এ ছাড়া, শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশে নিশ্চিতের স্বার্থে শিক্ষক-অভিভাবক সমন্বিত উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষক সংকট, ক্রীড়া সুবিধা, প্রশিক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব তুলে ধরেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এসব সমস্যা লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অনুসরণ করার আশ্বাস দেন।


