শিক্ষার গুণগত মান পুনরুদ্ধারে সংস্কারের উদ্যোগ নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষার গুণগত মান পুনরুদ্ধারে সংস্কারের উদ্যোগ নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেছেন, গত ১৭ বছরে পরিকল্পিত দলীয়করণের মাধ্যমে দেশে শিক্ষার স্বাভাবিক বিকাশ ব্যাহত এবং একাডেমিক সংস্কৃতিকে দুর্বল করা হয়েছে। সেই অচলাবস্থা থেকে শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করছে।

বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী, দক্ষ ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ, একাডেমিক তদারকি জোরদার এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, গবেষণায় সম্পৃক্ততা এবং প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে অধ্যাপক আমানুল্লাহ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল। পরবর্তীতে তিনি জেড ফোর্সের নেতৃত্ব দিয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইতিহাসের এই সত্য নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।

মতবিনিময় সভা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত চলমান গ্রিন ক্যাম্পাস এবং ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ভিসি।

শহীদ জিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দীনসহ বগুড়া অঞ্চলের বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad