বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নদের আংটি উপহার দেবে ফিফা

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নদের আংটি উপহার দেবে ফিফা
ছবি: ফিফার ভিডিও থেকে
Advertisement
Advertisement

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ফিফা বিশ্বকাপ। চার বছর পরপর এই মহারণে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে বিশ্বের সেরা দলগুলো। ট্রফি, স্বর্ণপদক আর ইতিহাসের পাতায় নাম লেখানোর পাশাপাশি ২০২৬ ফিফা বিশ্বকাপে যোগ হচ্ছে নতুন এক স্মারক—চ্যাম্পিয়নশিপ রিং। ফিফার কোনো টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম দেওয়া হচ্ছে এমন স্বীকৃতি।

বৃহস্পতিবার এ তথ্য জানায় ফিফা।

ফিফা জানায়, বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি বিশেষ আংটি তৈরি করা হবে। বিশ্বকাপ আয়োজনের বছর ২০২৬-কে স্মরণ করেই নির্ধারণ করা হয়েছে এই সংখ্যা। এর মধ্যে ৩০টি আংটি দেওয়া হবে বিশ্ব চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে ফুটবলপ্রেমীদের জন্য উন্মুক্ত করা হবে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকরাও বিশ্বকাপের ইতিহাসের একটি অংশ সংগ্রহের সুযোগ পাবেন।

এই আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে যুক্ত করা হবে চ্যাম্পিয়ন দলের নাম তথা নিজস্ব পরিচয়। প্রতিটি আংটি হবে আলাদাভাবে নম্বরযুক্ত, সংশ্লিষ্ট ব্যক্তির মাপ অনুযায়ী তৈরি এবং থাকবে সত্যতা নিশ্চিতকারী একটি সনদও।

ফাইনাল শেষ হওয়ার পরই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী হিসেবে আংটি তুলে দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি প্রত্যেকের ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।

উত্তর আমেরিকার পেশাদার ক্রীড়াঙ্গনে শিরোপাজয়ীদের এই ধরনের রিং দেওয়ার প্রচলন রয়েছে। এবার সেই সংস্কৃতির ছোঁয়া আসছে ফিফা বিশ্বকাপেও।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর