আন্দোলনের ঘোষণা দিয়েও সড়কে নেই এইচএসসি পরীক্ষার্থীরা

আন্দোলনের ঘোষণা দিয়েও সড়কে নেই এইচএসসি পরীক্ষার্থীরা
আন্দোলনের ঘোষণা দিয়েও সড়কে দেখা যায়নি আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজপথে ফেরার ঘোষণা দিয়েও বৃহস্পতিবার সকালে সড়কে দেখা যায়নি আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের।

বুধবার রাতে দেওয়া আল্টিমেটাম অনুযায়ী সকাল থেকে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় অবস্থান নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে সেখানে শিক্ষার্থীদের কোনো জমায়েত দেখা যায়নি।

এর আগে টানা কয়েকদিন ধরে প্রথমে ৩ দফা তারপর ৬ দফা ও বুধবার সর্বশেষ এক দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ। পরীক্ষার সময়সূচি, মূল্যায়ন পদ্ধতি ও পরীক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে তারা রাজধানীর সাইন্সল্যাব, শাহবাগসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

বুধবার আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার থেকে আবারও সড়কে অবস্থান নেবেন তারা। এ ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকেই সাইন্সল্যাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও আন্দোলনকারীদের দেখা যায়নি।

সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সাইন্সল্যাব মোড়সহ আশপাশের এলাকায় স্বাভাবিক যান চলাচল করতে দেখা গেছে। কোথাও কোনো বিক্ষোভ, মিছিল বা অবরোধ কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

এদিকে পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনের পরবর্তী গতিপ্রকৃতি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা দেওয়া হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad