ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই। পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও জানান, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডিএমপি রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অপরাধ পর্যালোচনা সভায় গত জুন মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, মো. শফিকুল ইসলাম, মো. আবুল বাশার তালুকদার, মোহাম্মদ ওসমান গণি মোহাম্মদ শামসুল হকসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ডিএমপির সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।


