জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে বিপুল পরিমাণ মদের বোতল জব্দ করেছে হল প্রশাসন। রোববার রাত ৯টার দিকে হলের একটি কক্ষে অভিযান চালিয়ে ২১ বোতল মদ উদ্ধার করা হয়।
হলের একটি সূত্র জানিয়েছে, প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে ওয়ার্ডেন ও হলের নিরাপত্তা কর্মীদের নিয়ে ৭২৩ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়। এ সময় ওই কক্ষে তল্লাশি চালিয়ে ১৭ বোতল বিদেশি ভদকা এবং তিন বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে অভিযুক্ত সাব্যস্ত করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী এবং মীর মোশারফ হোসেন হলে আবাসিক ছাত্র।
তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তরটিয়া গ্রামে। অভিযুক্ত শিক্ষার্থী প্রাথমিকভাবে নিজের অপরাধ স্বীকার করেছেন।
অভিযানের পর প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীর আপত্তি সত্ত্বেও ওই কক্ষে অভিযান চালানো হয়। ওই শিক্ষার্থী যেহেতু নজরুল ইসলাম হলের নন, তাই এ হলের প্রশাসন তার বিরূদ্ধে সরাসরি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না।
তিনি আরও জানান, বিষয়টি মীর মোশারফ হোসেন হলের প্রভোস্টকে জানানো হয়েছে এবং সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রভোস্ট বলেন, ‘ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং এ পরিমাণ মাদক কোথা থেকে এসেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।’
৭২৩ নম্বর কক্ষে বরাদ্দ পাওয়া কোনো শিক্ষার্থী বর্তমানে সেখানে না থাকায় কর্তৃপক্ষ সেটি সিলগালা করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্ষটি সিলগালা থাকবে। এছাড়া অভিযুক্ত শিক্ষার্থীর মির মোশারফ হোসেন হলের কক্ষেও তল্লাশি চালানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


