ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেলসি যদি সঠিক কাজ না করেন তবে তাকে খুব বড় মূল্য দিতে হতে পারে। যা সম্ভবত মাদুরোর চেয়েও বেশি।
মার্কিন ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’ এর সঙ্গে আলাপকালে এমন কথাই বলেছেন ট্রাম্প।
সোমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করার কথা রয়েছে।
মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার এবং অস্ত্র সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদী শাসন চালানোর অভিযোগ এনেছে। যদি মাদুরো তা অস্বীকার করেছেন।
এর আগে শনিবার কারাকাসে বিমান হামলার পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।
রোববার দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রদ্রিগেজ সম্পর্কে বলেন, ‘তিনি যদি সঠিক কাজ না করেন, তবে তাকে খুব বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি।’
ভেনেজুয়েলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘শাসন পরিবর্তন বা আপনি একে যে নামেই ডাকুন না কেন, বর্তমানে যা আছে তার চেয়ে তা ভালো হবে। পরিস্থিতির আর অবনতি হওয়া সম্ভব নয় ‘
এর আগে শনিবার ট্রাম্প অঙ্গীকার করে বলেছিলেন, ‘একটি নিরাপদ, যথাযথ ও বিচক্ষণ রূপান্তর সম্ভব না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা শাসন করবে।’
মার্কিন তেল কোম্পানিগুলো অবকাঠামো মেরামতের জন্য দেশটিতে প্রবেশ করবে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে বলেও জানান তিনি।
তবে মার্কিন প্রেসিডেন্টের যা-ই বলুন না কেন, মাদুরোর মিত্ররাই এখনও ভেনেজুয়েলার দায়িত্বে রয়েছেন। এমনকি মাদুরোর দীর্ঘদিনের সমাজতান্ত্রিক মিত্র কিউবা দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার নেতা মাদুরো ২০১৩ সাল থেকে ক্ষমতায় ছিলেন। তার বিরুদ্ধে বিরোধী দলগুলোকে দমন এবং ভিন্নমত থামিয়ে দিতে সহিংস আচরণ করার অভিযোগ রয়েছে।
বিরোধী দলগুলো মনে করে, সবশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি অবৈধভাবে জয়ী হয়েছেন।


