ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক যে প্রার্থীদের মনোনয়নপত্র প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে, তাদের আপিলের সময় শুরু হয়েছে।
সোমবার থেকে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা যাবে।
রোববার রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আসন্ন সির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোন প্রার্থী বা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি ইসিতে আপিল করতে পারবেন।
নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করবে।
আপিল দায়ের করার জন্য ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চাল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
এক নম্বর বুথে খুলনা অঞ্চলের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার আপিল নেওয়া হবে।
দুই নম্বর বুথে নেওয়া হবে রাজশাহী অঞ্চলের জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার আপিল।
তিন নম্বর বুথে রংপুর অঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এবং চার নম্বর বুথে চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার আপিল নেওয়া হবে।
এছাড়া পাঁচ নম্বর বুথে কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা এবং ছয় নম্বর বুথে সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আপিল করতে পারবেন।
সাত নম্বর বুথে আপলি করতে পারবেন ঢাকা অঞ্চলের টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার প্রার্থীরা।
আট নম্বর বুথে ময়মনসিংহ অঞ্চলের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা, নয় নম্বর বুথে বরিশাল অঞ্চলের বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর এবং ১০ নম্বর বুথে ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনায়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে।
এ বিষয়ে ইসি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ কোন প্রার্থী বা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আগামী ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন।’


