চট্টগ্রামে স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে চার স্তরের নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক ভোটারসংখ্যার খসড়া সারসংক্ষেপও প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, চার স্তরের নির্বাচনে মোট ভোটার ১ কোটি ১৫ লাখের বেশি। ভোটকেন্দ্র ৪ হাজার ২০০-এর বেশি এবং ভোটকক্ষ ২২ হাজারের বেশি।
সোমবার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব খসড়া তালিকা প্রকাশ করা হয়।
জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন, ১৬টি উপজেলা পরিষদ, ১৪টি পৌরসভা ও ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশিত খসড়া তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে আগামী ১৮ আগস্টের মধ্যে লিখিতভাবে তা জানাতে হবে। এসব দাবি ও আপত্তি যাচাই-বাছাই ও নিষ্পত্তি শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
সিটি করপোরেশনে ভোটার প্রায় ২০ লাখ
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার ১৯ লাখ ৫৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯১ হাজার ৬৩০, নারী ৯ লাখ ৬৭ হাজার ২২৪ এবং হিজড়া ভোটার ৫১ জন।
সিটি করপোরেশন এলাকায় মোট ভোটকেন্দ্র ৭২৫টি। সবগুলোই স্থায়ী কেন্দ্র। এসব কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৯৫৭টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ৬৭১টি এবং অস্থায়ী ২৮৬টি।
উপজেলা পরিষদে ভোটার ৪৭ লাখের বেশি
চট্টগ্রামের ১৬টি উপজেলা পরিষদের জন্য খসড়া তালিকায় মোট ভোটার ৪৭ লাখ ৬৭ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ২৫ লাখ ১৬ হাজার ৮০৪, নারী ২২ লাখ ৫০ হাজার ৯৭০ এবং হিজড়া ভোটার ১৭ জন।
এসব উপজেলায় ভোটকেন্দ্র ১ হাজার ৪৭৫টি। সবগুলোই স্থায়ী কেন্দ্র। মোট ভোটকক্ষ ৯ হাজার ১৪৩টি। এর মধ্যে স্থায়ী ৮ হাজার ৭৭৫টি এবং অস্থায়ী ৩৬৮টি।
পৌরসভায় ভোটার সাড়ে ৫ লাখ
চট্টগ্রামের ১৪টি পৌরসভার ১২৬টি সাধারণ ও ৪২টি সংরক্ষিত ওয়ার্ডের খসড়া তালিকায় ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯৩ হাজার ২৪৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন।
পৌরসভাগুলোতে ভোটকেন্দ্র ২১৯টি। এর মধ্যে স্থায়ী ২১৫টি ও অস্থায়ী ৪টি। ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৯৫টি। এর মধ্যে স্থায়ী ১ হাজার ১৯টি এবং অস্থায়ী ৭৬টি।
১৮৯ ইউনিয়নে ভোটার ৪২ লাখ
চট্টগ্রামের ১৬টি উপজেলার অধীন ১৮৯টি ইউনিয়ন পরিষদের খসড়া তালিকায় মোট ভোটার ৪২ লাখ ৪৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ২২ লাখ ৪১ হাজার ৬৬৪, নারী ২০ লাখ ৩ হাজার ৯৮৮ এবং হিজড়া ভোটার ১৭ জন।
ইউনিয়ন পরিষদে ভোটকেন্দ্র ১ হাজার ৭৮১টি। এর মধ্যে স্থায়ী ১ হাজার ৭২২টি ও অস্থায়ী ৫৯টি। ভোটকক্ষ রয়েছে ৮ হাজার ১৯৩টি। এর মধ্যে স্থায়ী ৭ হাজার ৬৮৩টি এবং অস্থায়ী ৫১০টি।
তবে সীমানা পুনর্গঠন ও পুনর্বিন্যাসজনিত জটিলতার কারণে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নে বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত ইউনিয়নটির বিষয়ে খসড়া তালিকায় বিশেষ দ্রষ্টব্য দেওয়া হয়েছে।
১৮ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, খসড়া তালিকার কোনো ভোটকেন্দ্র বা ভোটকক্ষ নিয়ে আপত্তি থাকলে ১৮ আগস্টের মধ্যে লিখিতভাবে আবেদন করতে হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা কিংবা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দেওয়া যাবে।
এরপর সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ ২৩ আগস্টের মধ্যে দাবি ও আপত্তির শুনানি ও নিষ্পত্তি করবেন। সব প্রক্রিয়া শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
খসড়া তালিকা প্রকাশের মধ্য দিয়ে চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে আরও এক ধাপ এগোলো।


