প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই

প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর খালাত ভাই তাসীন আক্তার হকের ডিএল ফিলিং স্টেশনের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে ও হাতে কুপিয়ে ডিএল ফিলিং স্টেশনের কর্মচারীর কাছ থেকে এ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

ডিএল ফিলিং স্টেশনের মালিকানায় যুক্ত তাসীন আক্তার হক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন সাবেক সংসদ সদস্য খুরশিদ জাহান হকের ছোট ছেলে।

সোমবার বিষয়টি টাইমস অব বাংলাদেশ’কে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার।

আরও পড়ুন

তিনি জানান, ডিএল ফিলিং স্টেশনে প্রতিদিন ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দিতে নিয়ে যাওয়া হতো। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হতো। ফলে রোববার ফিলিং স্টেশনে থেকে তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়। পথে একদল দুর্বৃত্ত ফিলিং স্টেশনের এক কর্মচারীকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোয়া কোটি টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় রোববার বিমানবন্দর থানায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে হাতে থাকা অস্ত্র দেখিয়ে টাকা বহন করা কাভার্ডভ্যান থামানোর সিগন্যাল দেয়। পরে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তাদের হাতে থাকা পিস্তল ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে সহকারী ম্যানেজার আল আমিনকে টাকার ব্যাগ দিতে বলে। আল আমিন ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে এক ছিনতাইকারী তার বুকে পিস্তল ঠেকিয়ে রাখে এবং আরেকজন তার বাম হাতের কনুই, তালু ও বাম পায়ে জখম করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ওসি কামরুল হাসান তালুকদার জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ এবং মোটরসাইকেলের লাইসেন্স প্লেট নম্বর যাচাই করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad