চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ দশমিক ১৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।
সোমবার সকালে স্বর্ণ জব্দের এ ঘটনা ঘটে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য জানান।
আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরা তাকে তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে তার পরনের পায়জামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থাগুলো, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সমন্বিতভাবে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি অব্যাহত রেখেছে।


