বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা তৈরির কাজ চলছে বলে জানান কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন।
শনিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বন্যাকবলিত প্রতিটি এলাকায় তালিকা তৈরির কাজ চলছে। তালিকা সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা পাবেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অসন্তোষ নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে রয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করেন। এখানে অনিয়মের সুযোগ নেই।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।


