রাজধানীর মুগদায় ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইসহাক (৩৮) নামে এক মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের মাদকবিরোধী বিশেষ অভিযানে দক্ষিণ মুগদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল দক্ষিণ মুগদাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১৪৯ নম্বর দক্ষিণ মুগদাপাড়ার একটি বাসায় তল্লাশি চালিয়ে ইসহাককে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুরগির ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


